সিরিয়ায় দূতাবাস বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র
সিরিয়ায় নিরাপত্তাব্যবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে দেশটির রাজধানী দামেস্কে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা গতকাল শুক্রবার আল-জাজিরা টেলিভিশনকে এ কথা জানিয়েছেন।ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট বাশার আল আসাদ যদি ওই এলাকার নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে ব্যর্থ হন, তবে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। গত মাসে দামেস্কতে দুটি গাড়িবোমা হামলায় ৪৪ ব্যক্তি নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে এ ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই বোমা হামলার সঙ্গে আল-কায়েদা সংশ্লিষ্ট থাকতে পারে। তবে আসাদ সরকারের সংশ্লিষ্টতার কথাও উড়িয়ে দেয়নি ওয়াশিংটন। গত বছরের শুরুর দিক থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলন চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা ও নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও সরকার-বিরোধীদের ওপর আসাদ অনুগত বাহিনী ব্যাপক দমন-পীড়ন অব্যাহত রেখেছে। জাতিসংঘের হিসাবে দেশটিতে চলমান সহিংসতায় এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।