সিরিয়ায় নতুন করে সংঘর্ষে নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল রোববার সরকার ও বিরোধীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটান ঘটেছে। গত নয় মাসের মধ্যে সবচেয়ে বড় এ সংঘর্ষে কমপক্ষে ২৬ ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।এদিকে, দেশটির বিরোধীরা গতকাল রোববার রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী সাধারণ ধর্মঘট পালন করেছে। বিরোধীরা দাবি করেছে, স্বতঃস্ফূর্ত ধর্মঘটে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। গতকালের সংঘর্ষে হোমস শহরে নয়জন, হামায় ছয়জন, দেরা শহরে তিনজন, ইদলিবে দুজন এবং দামেস্কের বাইরে দুজন নিহত হয়। এ ছাড়া গতকাল আসাদ অনুগত পাঁচ সেনাও নিহত হয়। এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপে গতকাল রোববার অভিযোগ করেছেন, লেবাননে গত শুক্রবার ফ্রান্সের শান্তি সেনাদের ওপর হামলার পেছনে সিরিয়ার হাত ছিল বলে তারা মনে করছে। গত নয় মাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসাব মতে, নয় মাসের সহিংসতায় দেশটিতে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৩০৭ জনই শিশু। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আসাদ সরকারবিরোধীদের বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত রেখেছেন।