সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩৭
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গতকাল বুধবার নির্বিচারে গুলিবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে ৩৭ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে একজন মানবাধিকার কর্মী বিবিসিকে জানিয়েছেন। গতকাল সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন গ্রাম থেকে শত শত তরুণ দেরা শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়। তারা সরকারবিরোধী বিক্ষোভের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। এ ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।এর আগে গত বুধবার প্রথম প্রহরে দেরা শহরের একটি মসজিদে হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। ওই ঘটনায় নিহতদের জানাজায় অংশগ্রহণকারীদের ওপরও নিরাপত্তা বাহিনী গুলি চালায়।জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ায় সহিংসতার ঘটনায় স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। তিনি দায়ীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন।মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।