সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বিক্ষোভকারী নিহতের দাবি
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে গতকাল শুক্রবার ২০ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দেশটির একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে। খবর রয়টার্স।প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে গতকাল দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসে। এ সময় বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। সাওয়াসিহা নামের একটি মানবাধিকার সংস্থা এ দাবি করেছে, সিরিয়ার লাটাকিয়া, হামা, হোমস, দেরা, কিশওয়া, দির-আল জর এবং রাজধানী দামেস্কোর আশপাশে নিরাপত্তা বাহিনীর গুলিতে গতকাল ২০ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে প্রাণহানির এ খবরের সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। কেননা, দেশটির সরকার অধিকাংশ বিদেশি সাংবাদিকদের সে দেশ থেকে বহিষ্কার করেছে।মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা অব্যাহত রেখেছে। এ ছাড়া অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে।আরব জাগরণের অংশ হিসেবে বেশ কয়েক মাস ধরে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে।