সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা শহরের একটি মসজিদে ছয় ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।অঞ্চলটিতে গত কয়েক দিন ধরে ব্যাপকভাবে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সরকারবিরোধী এ বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু ওই মসজিদ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপশাসন ও দুর্নীতির অবসান এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে আসছে। সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে এ প্রাণহানির ঘটনায় কোনো মন্তব্য করা হয়নি। জাতিসংঘ শান্তিপূর্ণ বিক্ষোভে শক্তি ব্যবহার না করতে সিরিয়ার প্রতি আহ্বানের এক দিন পরই এ ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহত ব্যক্তিরা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ওই মসজিদে অবস্থান করার ঘোষণা দিয়েছিল। হামলার আগে কর্তৃপক্ষ ওই এলাকার বিদ্যুত্ ও টেলিফোন সংযোগ কেটে দেয়। নিহতদের মধ্যে একজন চিকিত্সকও আছেন। প্রসঙ্গত, ১৯৬৩ সাল থেকে সিরিয়ায় জরুরি আইন চলছে।