সিরিয়ায় নিহত তিন হাজার: জাতিসংঘ
সিরিয়ায় প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রায় তিন হাজার সামরিক-বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।হাইকমিশন জানায়, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলনে এ পর্যন্ত দুই হাজার নয় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। সংস্থাটি এর আগে প্রাণহানির সংখ্যা দুই হাজার ৭০০ বলে উল্লেখ করেছিল। গতকাল সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের মুখপাত্র রুপার্ট কলভেলি গতকাল বলেন, ‘দেশটির ভেতর ও বাইরের বিশ্বস্ত সূত্রের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। নিহত সবার নাম নিশ্চিত হওয়া গেছে এবং এর মধ্যে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও আছে।’ এদিকে গতকাল বৃহস্পতিবারও সিরিয়ার ইদলিব প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ মোট ১২ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে। গত সাত মাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলন চলছে। বিরোধীদের দমনে সরকার ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। পশ্চিমারা বারবার এ হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও বাশার আল আসাদ তাতে কর্ণপাত করছেন না।