সিরিয়ায় নিহত বেড়ে ৬২, মার্কিন অবরোধ আরও কঠোর
সিরিয়া জুড়ে গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। গতকালের হতাহতের ঘটনার পর সিরিয়া সরকারের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপ করেছে। গতকাল সিরিয়া জুড়ে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করে। মানবাধিকার সংগঠন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভে নির্বিচারে গুলি চালায়। বার্তা সংস্থাটিকে মেডিকেলের একটি সূত্র জানিয়েছে, দেরা শহরে সেনারা গুলি চালিয়ে ১৯ জনকে হত্যা করে। ছয় সপ্তাহ আগে দেরা থেকেই রাজনৈতিক সংস্কার ও স্বাধীনতার দাবিতে সিরিয়া জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সিরিয়ার মানবাধিকার সংগঠন সাওয়াসিয়াহ আজ শনিবার জানিয়েছে, তারা গতকাল বিক্ষোভের সময় দেরা, রুসতুন, লাতাকিয়া, হোমস এবং দামেস্কের কাছে কাদাম শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬২ জনের তালিকা পেয়েছে। এর আগে বিক্ষোভে ৩২ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর ওয়াশিংটনের অবরোধ আরোপ-সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এঁদের মধ্যে প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের ও চাচাতো ভাই আতিফ নাজিবের নামও রয়েছে। তাঁরা দেরা শহরে সেনা কমান্ডের দায়িত্বে রয়েছেন। অবরোধের আওতায় সিরিয়ার গোয়েন্দা সংস্থা, বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়নে সিরিয়াকে সহযোগিতার অভিযোগে ইরানের রেভল্যুশনারি গার্ডের নামও রয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘বিক্ষোভকারীদের ওপর সহিংস আচরণ ও তাদের কার্যক্রম এবং আচরণ দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে ওয়াশিংটন এ পদক্ষেপ করেছে।’ বিশ্লেষকেরা বলছেন, এ অবরোধে প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠদের ওপর তেমন একটা প্রভাব পড়েনি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারা সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রাথমিকভাবে রাজি হয়েছে। ওয়াশিংটনের পদক্ষেপের কিছুক্ষণ পরই ইইউর পক্ষ থেকে এ ঘোষণা আসে।