সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গত নয় মাসে সরকারবিরোধী অভিযানে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থার প্রধান নাভি পিল্লাই গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ তথ্য জানান। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার অধিবেশনে নাভি পিল্লাই জানান, তাঁর হিসাবে সিরিয়ায় পাঁচ হাজারেও বেশি লোক নিহত হয়েছে। তবে এ পরিসংখ্যানের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যাটি অন্তর্ভুক্ত নয়।পিল্লাই আরও জানান, দেশটির সরকার ১৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং ১২ হাজার ৪০০ মানুষ প্রাণভয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। নাভি পিল্লাই সিরিয়ার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করে বলেন, সেখানে সম্ভবত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তবে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত নাভি পিল্লাইয়ের দেওয়া এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছেন। নাভি পিল্লাই ‘বস্তুনিষ্ঠ’ ও ‘নিরপেক্ষ’ নয় বলেও তিনি অভিযোগ করেন। সিরিয়া দাবি করেছে, দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে এক হাজারের বেশি পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছে।এদিকে গতকাল সোমবারও সিরিয়ায় সরকারবিরোধী অভিযানে ২০ ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির বিরোধীরা দাবি করেছেন। এর মধ্যেও গতকাল সিরিয়ায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কর্তৃপক্ষ দাবি করেছে, ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং অতীতের চেয়ে এ নির্বাচন স্বচ্ছ হয়েছে। বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে।