সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৮৮, আরও সহিংসতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সংখ্যা বেড়ে ৮৮-এ দাঁড়িয়েছে। ওই দেশে আজ শনিবার নিহতদের শেষকৃত্য অনুষ্ঠান হবে। মানবাধিকার সংগঠনগুলো শেষকৃত্য অনুষ্ঠান সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কা করছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিক্ষোভকারীদের সংগঠন স্থানীয় সমন্বয় কমিটি (এলসিসি) জানিয়েছে, সরকারি বাহিনী ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বন্দুকধারীরা গতকাল গুলি করে ৮৮ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এর আগে মানবাধিকার সংগঠনগুলো নিহতদের সংখ্যা কমপক্ষে ৬০ জন বলে জানিয়েছিল।এলসিসি বার্তা সংস্থার কাছে গতকালের বিক্ষোভে নিহত ৮৮ জনের অঞ্চলভিত্তিক একটি তালিকা পাঠিয়েছে। এতে বলা হয়, লাতাকিয়া, হোমস, হামা, দামেস্ক ও লাজরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে তারা নিহত হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভে আট ব্যক্তি নিহত ও ২৮ জন আহত হয়েছে। আহদের মধ্যে কয়েকজন সেনাসদস্য রয়েছে।প্রেসিডেন্ট আসাদ গত বৃহস্পতিবার জরুরি অবস্থা তুলে নেন। এর এক দিন পর গতকাল বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভ-সংঘর্ষ শুরু হয়।মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিহতদের শেষকৃত্য অনুষ্ঠান সহিংসতায় রূপ নিতে পরে। কেননা, এর আগে বিক্ষোভে নিহতদের শেষকৃত্য পালনের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষের নজির রয়েছে।সিরিয়ার রাজনৈতিক সংস্কার ও দুর্নীতি অবসানের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। গতকাল ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এর আগে সিরিয়ায় বিক্ষোভে এক দিনে এত বেশি লোক নিহত হওয়ার ঘটনা ঘটেনি। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গতকালসহ বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ৩০০-তে দাঁড়িয়েছে।