সিরিয়ায় নৃশংসতা চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় নৃশংসতা নতুনমাত্রায় চরমে পৌঁছেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটিতে বাশার আল আসাদের সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় বান কি মুন সবাইকে সতর্ক করে বলেন, জানুয়ারি মাসের মধ্যে দেশটির শরণার্থীর সংখ্যা সাত লাখে পৌঁছাতে পারে।বান কি মুন বলেন, নৃশংস গণহত্যার ফলে প্রতিদিন সিরিয়ার বহু নাগরিক শরণার্থী হচ্ছেন। যে কোনো বিবেচনায় মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাধীন ও গণতান্ত্রিক সিরিয়া প্রতিষ্ঠায় রাজনৈতিক আলোচনা ও সমঝোতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।সিরিয়ার আন্দোলনকারীদের দাবি, গতকাল শুক্রবার সিরিয়ায় সহিংসতায় ৮০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। সহিংসতা বেড়ে যাওয়ায় সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর বন্ধ রয়েছে। এতে দ্বিতীয় দিনের মতো অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এখনো যুদ্ধ চলছে। তবে বিবিসির খবরে বলা হয়, বিমানবন্দরে যাওয়ার মহাসড়কটি সেনারা আবারও খুলে দিয়েছে।