সিরিয়ায় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে জাতিসংঘ
অস্ত্রবিরতি-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিরিয়ায় ২০ থেকে ৩০ সদস্যের নিরস্ত্র একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের দেওয়া এ-সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব আজ শুক্রবার নিরাপত্তা পরিষদে পাস হওয়ার কথা। এদিকে, পর্যবেক্ষক দলকে সাদরে গ্রহণ করবে বলে জানিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনে এ খবর বলা হয়েছে।খবরে বলা হয়, সিরিয়ার বিভিন্ন এলাকায় পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে জাতিসংঘ আরব লিগের সিরিয়া-বিষয়ক প্রতিনিধি কফি আনানের নতুন এই খসড়া প্রস্তাবে রাজি হয়েছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। এদিকে, সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় দেশটির নিন্দা জানিয়েছেন কফি আনান। তিনি অভিযোগ করে বলেন, সিরিয়া কর্তৃপক্ষ তাঁর ছয় দফা শান্তি পরিকল্পনা পুরোপুরি মেনে নেয়নি।এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘অস্ত্রবিরতি খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে, এটি প্রথম ধাপ মাত্র। মানবিক সাহায্যকারী দলগুলোর সেখানে উন্মুক্ত প্রবেশাধিকার থাকতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।বড় কোনো সহিংসতা ছাড়াই সিরিয়ায় গতকাল বৃহস্পতিবার অস্ত্রবিরতির প্রথম দিন পার হয়েছে। যদিও বিদ্রোহীরা দাবি করছে, গতকাল সরকারি বাহিনীর সহিংসতায় অনেকে মারা গেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বোমা হামলায় মাত্র একজন সেনা মারা যাওয়ার দাবি করা হয়েছে।