সিরিয়ায় পুলিত্জার জয়ী মার্কিন সাংবাদিকের মৃত্যু
সিরিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের বিদেশি সংবাদদাতা এন্থোনি শাদিদ মারা গেছেন। দুবার পুলিত্জার জয়ী ৪৩ বছর বয়সী এই মার্কিন সাংবাদিক সিরিয়ার পূর্বাঞ্চলে অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা যান বলে বিবিসি অনলাইন জানিয়েছে।লেবাননের বংশোদ্ভূত মার্কিন নাগরিক এন্থোনি দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন এবং ঘোড়ার সান্নিধ্যে এলে অ্যালাজি বেড়ে যেত বলে তাঁর বাবা বাড্ডি শাদিদ জানিয়েছেন। খবরে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের ফটোগ্রাফার টেলর হিকসের সঙ্গে শাদিদ সিরিয়া-তুর্কি সীমান্তে হাঁটছিলেন। সীমান্তের আশপাশে কিছু ঘোড়া ছিল। সেখানে তিনি অ্যাজমায় আক্রান্ত হন।ইঙ্গ-মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন ইরাক যুদ্ধের ওপর প্রতিবেদন করে ২০০৪ ও ২০১০ সালে সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিত্জার পুরস্কার পান শাদিদ। এ ছাড়া সম্প্রতি আরব বসন্তের সংবাদ প্রচারের জন্য ২০১১ সালের পুলিত্জার পুরস্কারের জন্য তিনি মনোনয়ন পান।ওয়াশিংটন পোস্টের হয়ে ইরাক হামলা ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে কাজ করেছেন এন্থোনি। গত বছরের মার্চে লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলনের সময় গাদ্দাফি সরকার নিউইয়র্ক টাইমসের তিন সাংবাদিককে এক সপ্তাহের বেশি সময় আটক করে রাখে। শাদিদ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি সিরিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তথ্য জোগাড় করছিলেন।এন্থোনি শাদিদ তাঁর জীবদ্দশায় তিনটি বই লিখেছেন। যার মধ্যে একটি আগামী মার্চে প্রকাশিত হওয়ার কথা ছিল।