সিরিয়ায় প্রেসিডেন্টের বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক
সিরিয়ার সরকারবিরোধীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আজ শুক্রবার গণবিক্ষোভের ডাক দিয়েছে। দেশটিতে আরব লিগের পর্যবেক্ষক দলের উপস্থিতির মধ্যেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।বিশ্লেষকেরা বলছেন, পর্যবেক্ষকদের উপস্থিতি বিক্ষোভকারীদের আরও সাহস জুগিয়েছে।এদিকে মানবাধিকার কর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪০ জন নিহত হয়েছে। পর্যবেক্ষক দলের সদস্যরা পরিদর্শন করবেন সম্ভাব্য এমন এলাকাগুলোতে সরকারবিরোধীরা গতকাল জড়ো হলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। বিবিসি আন্তর্জাতিক কয়েকটি বার্তা সংস্থার বরাত দিয়ে জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসানের দাবিতে শহরগুলোর স্বাধীনতা চত্বরে আজ বিক্ষোভ করবে সরকারবিরোধীরা। ধারণা করা হচ্ছে, বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আরব লিগের মিশন বিক্ষোভকারীদের জন্য আলোকবর্তিকা নিয়ে এসেছে। তিনি বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হামস শহরে পর্যবেক্ষক দলের উপস্থিতি বিক্ষোভকারীদের ভয় কাটিয়ে দিয়েছে।’ মানবাধিকার কর্মীরা জানান, সিরিয়ায় গত সোমবার পর্যবেক্ষক দলের আগমনের পর থেকে কমপক্ষে ১৪০ বিক্ষোভকারী নিহত হয়। জাতিসংঘ এ মাসের প্রথম দিকে জানিয়েছে, গত মার্চে শুরু হওয়া বিক্ষোভে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।