সিরিয়ায় বামপন্থী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল মঙ্গলবার মধ্যরাতে দেশের একজন বিরোধী বামপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এ দাবি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।ব্রিটেনে সংস্থাটির প্রধান রামি আদেলরহমান অভিযোগ করেন, সিরিয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার বিল পাস হওয়ার কয়েক ঘণ্টা পর দেশটির খ্যাতিমান বামপন্থী নেতা মাহমুদ ঈশাকে নিরাপত্তা বাহিনী তাঁর বাসভবন থেকে তুলে নিয়ে যায়। গতকাল সিরিয়া সরকার প্রায় ৫০ বছর ধরে বহাল থাকা জরুরি আইন তুলে নিতে একটি বিল পাস করে। তবে সরকার সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।রামি আদেলরহমান বলেন, সিরিয়ায় জরুরি আইন প্রত্যাহারে বিল পাস হলেও দেশটিতে এখনো অনেক কালো আইন বহাল রয়েছে। যেসব আইনে সাধারণ নাগরিকদের সামরিক আদালতে বিচার করার ক্ষমতা এবং নিরাপত্তা বাহিনীকে তাদের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে। আদেলরহমান এ আইনগুলোও প্রত্যাহারের দাবি জানিয়েছেন।সিরিয়ায় বেশ কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে দুই শতাধিক লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। তারা জানিয়েছে, গত দুই দিনে সিরিয়ার হোমস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।