সিরিয়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভারী অস্ত্রের ব্যবহার, নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারাত আল নোমান শহরে বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার থেকে মেশিনগানের গুলি চালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।মানবাধিকার গোষ্ঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর এমন হামলায় গতকাল সিরিয়ার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩৩ ব্যক্তি নিহত হয়। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, অধিকাংশ প্রাণহানি ঘটে মারাত আল নোমান শহরে। গতকাল সিরিয়ার দামেস্ক, লাতাকিয়া, দেরা, হুরান পালিন, মারাত আল নোমানসহ বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ হয় ।সিরিয়ার এক বিরোধী নেতা বলেন, মারাত আল নোমান শহরে হাজার হাজার বিক্ষোভকারীর ওপর নিরাপত্তা বাহিনী ট্যাংকের শেল নিক্ষেপ করে এবং হেলিকপ্টার থেকে মেশিনগানের গুলি চালায়।এক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই শহরে নিরাপত্তা বাহিনী পাঁচটি হেলিকপ্টার থেকে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালায়। তখন জনতা শুয়ে, ব্রিজের নিচে লুকিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে। এ গোলাগুলি কয়েক ঘণ্টা ধরে চলে। তবে সিরিয়ার টেলিভিশন হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর হামলার কথা অস্বীকার করে। তবে সেনা অভিযানের ভয়ে গতকাল সিরিয়ার জিসার আল শুগহুরে শহর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সাধারণ নাগরিক তুরস্কে পালিয়ে যায়। সেনাবাহিনী জিসার আল শুগহুরে শহরে ট্যাংক নিয়ে অভিযান চালায়। হোয়াইট হাউস সিরিয়া সরকারের এ হামলার তীব্র নিন্দা করেছে। গতকাল হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়া সরকার দেশকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতা যুক্তরাষ্ট্রকে জাতিসংঘে আনা ইউরোপীয় ইউনিয়নের খসড়া প্রস্তাবকে সমর্থন দিতে উত্সাহিত করবে।’