সিরিয়ায় বিমান হামলায় নিহত ৭০
সিরিয়ার বিমানবাহিনী দেশটির উত্তরাঞ্চলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে গতকাল শুক্রবার সরকারবিরোধী আন্দোলনের কর্মীরা দাবি করেছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধীদের সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) গতকাল দাবি করেছে, দেশটির উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশের হারেম শহরে সরকার অনুগত বিমানবাহিনীর বেপরোয়া হামলায় ৭০ জন নিহত হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ তথ্যের সত্যতা যাচাই করা যায়নি।এ ছাড়া রাজধানী দামেস্কোর পূর্বাঞ্চলীয় ঘাউটা শহরেও সরকারি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতেই সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়েছে।এদিকে দেশটির বিদ্রোহীরা দাবি করেছে, তারা সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত একটি বিমান ঘাঁটির দখল নিতে বড় ধরনের অভিযান শুরু করেছে। ইন্টারনেটে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আলেপ্পো ও দামেস্কোর মধ্যবর্তী কৌশলগত এলাকায় অবস্থিত টাফটানাজ বিমান ঘাঁটি আক্রমণ করেছে বিদ্রোহীরা।