সিরিয়ায় বিমান হামলায় হতাহত ১২
সিরিয়ার সেনাদের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার আঘাতে একটি ফিলিং স্টেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে ১২ জনের বেশি মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। ফিলিং স্টেশনটি রাজধানী দামেস্কের পাশের উপশহর মেইহাতে অবস্থিত।ইন্টারনেটে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই স্থানে কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। তবে সিরিয়ার সেনাবাহিনী কেন এই হামলা চালাল, তা নিশ্চিত হওয়া যায়নি।আল-জাজিরা জানায়, গতকাল বুধবার রাশিয়ার নির্মিত মিগ জঙ্গি বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। হামলার স্থান পরিদর্শনকারী মোহাম্মদ সাঈদ নামের সরকারবিরোধী এক কর্মী স্কাইপ সাক্ষাত্কারে বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি ছোড়ার সময় ফিলিং স্টেশনে তেল নিতে আসা লোকজন অপেক্ষা করছিলেন। হামলার সময় তাঁদের অনেকেই ঘটনাস্থলে মারা যান। বোমার আঘাতে ক্ষত-বিক্ষত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশ ওই স্থানে দেখা গেছে।’সিরিয়ায় তীব্র তেলসংকট চলছে। এ কারণে দেশটির ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।