সিরিয়ায় বিরোধীদেরকে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল মঙ্গলবার সরকারবিরোধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের এ ঘোষণা প্রচার করা হয়। গত ১০ সপ্তাহ ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আসাদের ১১ বছরের শাসনের অবসান, ৪৮ বছরের জরুরি অবস্থা প্রত্যাহার ও রাজনৈতিক স্বাধীনতার দাবি করে আসছে।রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই সাধারণ ক্ষমার ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০১১ সালের ৩১ মের আগে সিরিয়ায় সংঘটিত সব রাজনৈতিক অপরাধ ক্ষমা করেছেন। এ সাধারণ ক্ষমার আওতায় সব রাজনৈতিক আন্দোলন কর্মী, নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড সংগঠনের সদস্য ও রাজবন্দীরা অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছে।সিরিয়ায় গত ১০ সপ্তাহ ধরে চলতে থাকা আসাদবিরোধী আন্দোলনে এ পর্যন্ত প্রায় এক হাজার ব্যক্তি নিহত এবং ১০ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।আন্তর্জাতিক সম্প্রদায় এ ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের তীব্র সমালোচনা করেছে এবং বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে।