সিরিয়ায় বোমা হামলায় ফরাসি সাংবাদিক নিহত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস শহরে বোমা হামলায় এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান সহিংসতায় কোনো পশ্চিমা সাংবাদিক নিহতের ঘটনা এটাই প্রথম। ফ্রান্স-২ চ্যানেল জানিয়েছে, গিলেস জ্যাকুইয়ির নামে ওই সাংবাদিক সরকার-অনুমোদিত এক সফরে সেখানে অবস্থান করছিলেন। বুধবার এ ঘটনা ঘটার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এলেইন জুপে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সিরিয়ার প্রতি। নিহত সাংবাদিক গিলস ফ্রান্সের ফঁস দ্যু নামের টেলিভিশনের প্রতিবেদক ছিলেন। তিনি সিরিয়ার চলমান প্রতিবাদ বিক্ষোভের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করতে গিয়েছিলেন। গতকাল হোমস শহরে সরকার সমর্থকদের সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে সাংবাদিক জ্যাকুয়াসহ নয়জন নিহত হন। তিনি তখন সমাবেশে আসা জনগণের সাক্ষাত্কার নিচ্ছিলেন।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, ‘বিস্ফোরণে প্রচণ্ড ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। লোকজন চারদিকে ছোটাছুটি করতে থাকে। প্রথম শেলটি একটি ভবনে আঘাত হানে। আমরা, সাংবাদিকেরা কেউ আহত বা নিহত হয়েছেন কি না, দেখতে যাই। সেখানে অনেক নিহত ব্যক্তিকে দেখতে পাই। এরপরই পরপর দুটি গোলা আঘাত হানে।’ ইইউর পররাষ্ট্র পুলিশ প্রধান ক্যাথরিন অ্যাসস্টোন ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। এ ঘটনায় দেশটিতে আরব পর্যবেক্ষক দলের নতুন করে প্রতিনিধি পাঠানোর বিষয়টি পিছিয়ে গেছে।