সিরিয়ায় মানবঢাল করা হচ্ছে শিশুদের: জাতিসংঘ
সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি জাতিসংঘ এ তথ্য ফাঁস করে একটি প্রতিবেদন প্রকাশ করে। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।কয়েকজন শিশুর করা অভিযোগের বরাত দিয়ে জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, আসাদ-বিরোধী যোদ্ধাদের হামলা ঠেকাতে জোর করে শিশুদের ট্যাংকের ওপর বসানো হয়েছে।সিরিয়া পর্যবেক্ষণের পর রোমহর্ষক কিছু প্রতিবেদন পেশ করে জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ে গঠিত বিশেষ একটি প্রতিনিধিদল। এই দলের একজন বিশেষ প্রতিনিধি রাধিকা কুমারাস্বামী জানান, সিরিয়ায় বন্দী শিশুদের ওপর নির্যাতন চালানো হয়েছে। গণহত্যার সময় তাদেরও হত্যা করা হয়েছে। রাধিকা বলেন, শিশুদের কোনো ছাড় দেওয়া হয়নি। এমন পরিস্থিতি আর কোথাও তিনি দেখেননি। এমনকি শিশুদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শিশুদের জীবন বিপন্ন করার জন্য আসাদ-বিরোধী ফ্রি সিরিয়ান আর্মিরও সমালোচনা করেন রাধিকা। চিকিত্সা ও সেবাবিষয়ক কাজের জন্য তারা শিশুদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।