সিরিয়ায় মানবিক সহায়তা মিশন পাঠাচ্ছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক সহায়তা দানকারী একটি বিশেষ দল চলতি সপ্তাহে সিরিয়ায় পাঠাবে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা বিভাগের প্রধান ভ্যালেরি আমোস গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বিসিসি অনলাইন ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, জাতিসংঘের বিশেষ ওই দল সিরিয়া সরকার পরিচালিত একটি প্রতিনিধিদলের অংশ হয়ে সেখানে কাজ করবে। এ ছাড়া ইসলামিক কো-অপারেশন সংস্থার কর্মীরাও এই বিশেষ দলে অংশ নেবে। দলটি সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠীদের নিয়ন্ত্রিত হোমস, হামা ও দিরা শহরগুলো পরিদর্শন করবে। এ ছাড়া টারটুস, লাটাকিয়া, এলেপ্পো, দায়ের আল জুর ও দামেস্কের আশপাশের গ্রামীণ এলাকাগুলোতেও দলটি কাজ করবে। গতকাল এক বিবৃতিতে ভ্যালেরি আমোস উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকাগুলোতে প্রয়োজনীয় চাহিদা চিহ্নিত করতে এবং জরুরি ও মৌলিক দ্রব্যসামগ্রী সরবরাহ করতে সেখানে প্রবেশ করা একান্ত জরুরি। তাই, শহরগুলোতে পর্যবেক্ষকদের স্বাধীনভাবে প্রবেশ করার অধিকার নিশ্চিত করার দাবি জানান ভ্যালেরি। তিনি বলেন, ‘আমাদের নষ্ট করার মত আর সময় নেই’।আসাদবিরোধী বিক্ষোভের এক বছর শেষ হওয়ার পর গতকাল এ ধরনের একটি উদ্যোগ নিল জাতিসংঘ। সংস্থাটির দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছর ধরে দেশটিতে চলমান সংঘর্ষে আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।