সিরিয়ায় মার্কিন ও ফরাসি দূতাবাসে হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কে মার্কিন ও ফরাসি দূতাবাসে আজ সোমবার হামলা চালিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকেরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা আজ বিকেলে বিবিসিকে বলেন, দূতাবাসের অবকাঠামোর ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।রয়টার্স জানিয়েছে, এ ঘটনার জন্য সিরিয়া সরকারকে সরাসরি দায়ী করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বার্তায় অভিযোগ করেন, সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেল বিক্ষোভকারীদের উসকে দিয়েছিল। কর্তৃপক্ষের উত্সাহে উদ্দীপ্ত হয়েই দূতাবাসে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা।ওই মুখপাত্র বলেন, ‘আমাদের দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সিরিয়া সরকারকেই দায়ী করছি আমরা। এ ঘটনায় আমরা যথাযথ ক্ষতিপূরণ দাবি করব। একই সঙ্গে নিজ দেশের জনগণের দাবি-দাওয়া পূরণের জন্য সিরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’