সিরিয়ায় মিশন অব্যাহত থাকবে: আরব লিগ
বেসামরিক লোকজনের ওপর সহিংসতা বন্ধ করতে সিরিয়া সরকারের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে আরব লিগ। মিসরের রাজধানী কায়রোতে লিগভুক্ত দেশগুলোর মন্ত্রীরা গতকাল রোববার বৈঠক করে আরও জানান, সিরিয়ায় আবর লিগের পর্যবেক্ষকেরা বেসামরিক লোকজনের হত্যা ঠেকাতে ব্যর্থ হচ্ছে—এমন সমালোচনা সত্ত্বেও সেখানে পর্যবেক্ষকদের মিশন অব্যাহত থাকবে। তবে জাতিসংঘের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে এই মিশনকে আরও শক্তিশালী করার প্রস্তাব আনতে ব্যর্থ হয়েছেন মন্ত্রীরা। বিবিসি অনলাইন জানায়, পর্যবেক্ষক মিশনের প্রধানের কাছ থেকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে মন্ত্রীরা ওই বৈঠকে বসেন। মানবাধিকার কর্মীরা জানান, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরাতে গতকাল সহিংসতায় ১১ সেনাসহ ২০ জনের বেশি লোক নিহত হয়েছে। আর গত তিন দিনে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানান তাঁরা। সিরিয়ায় এখনো বেশির ভাগ বিদেশি গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। জাতিসংঘ গত মাসে জানিয়েছে, ১০ মাস ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। সহিংসতা বন্ধে আরব লিগ উপস্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে গত ডিসেম্বর থেকে পর্যবেক্ষকেরা সিরিয়ায় অবস্থান করছেন।আরব লিগ গত নভেম্বরে সিরিয়ায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিনিধিদল পাঠানোর পদক্ষেপ নেয়। এ পরিকল্পনার মধ্যে রয়েছে সহিংসতা বন্ধ করা, বন্দীদের মুক্তি এবং শহর ও আবাসিক এলাকা থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা।