সিরিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় দির এল জোউর প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।লোকাল কো-অর্ডিনেশন কমিটির (এলসিসি) সদস্যরা গতকাল সোমবার জানান, ‘বিদ্রোহীরা গুলি করে একটি যুদ্ধবিমান ভূপাতিত ও বিমানের চালককে আটক করেছে।’এলসিসি ইউটিউবে দুটি ভিডিও পোস্ট করেছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এতে আগুন ধরে গেছে। এ সময় গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। অপর একটি ভিডিও চিত্রে দেখা গেছে, বিদ্রোহীরা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। ওই ব্যক্তি নিজেকে বিমানটির চালক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ ভিডিও দুটির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করা হলেও বিদ্রোহীদের গুলিতে তা ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নিয়মিত প্রশিক্ষণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগেই চালক বিমান থেকে বেরিয়ে আসেন। নিখোঁজ চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।এদিকে বাশার আল আসাদের এক জ্যেষ্ঠ সহযোগী দেশটিতে চলমান সংকট নিয়ে আলোচনা করতে চীন গেছেন। চীনা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জাতিসংঘের ছয় দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই ওই সিরীয় কর্মকর্তা সে দেশে আলোচনার জন্য এসেছেন।