সিরিয়ায় রমজানেও সেনা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনী রমজানেও সরকারবিরোধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। নিরাপত্তা বাহিনী আজ মঙ্গলবার পূর্ব দামেস্কের আরবিন উপশহরে ছয়জন এবং গতকাল সোমবার হামা শহরে চার বেসামরিক লোককে হত্যা করেছে।প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার পুলিশ আজ মঙ্গলবার ভোররাতে পূর্ব দামেস্কের আরবিন উপশহরে ছয়জন বেসামরিক লোককে হত্যা করেছে। এ ছাড়া তাদের হামলায় ১০ জন আহত হয়েছে। এদিকে রমজানের প্রথম দিন গতকাল সোমবার নিরাপত্তা বাহিনীর হামলায় হামা শহরে কমপক্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। পশ্চিমাদের কড়া সমালোচনা সত্ত্বেও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী সেখানে দ্বিতীয় দিনের মতো সরকারবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।রমজানের প্রথম দিনে ট্যাংক ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে নিরাপত্তা বাহিনী হামা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, নিরাপত্তা বাহিনী গড়ে প্রতি ১০ সেকেন্ডে একটি করে শেল নিক্ষেপ করে। এ ছাড়া ভারী অস্ত্রের গুলি ও বিস্ফোরণের শব্দও শোনা গেছে। সিরিয়ায় গত দুই দিনের সেনা অভিযানে কমপক্ষে ১৫০ ব্যক্তি নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন। এর মধ্যে শুধু হামা শহরেই ১০০ জনকে হত্যা করা হয়। ১৯৮২ সালে বাশার আল-আসাদের বাবা ও সিরিয়ার তত্কালীন প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ হামা শহরে সরকারবিরোধী আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।