সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহূত হচ্ছে!
বিদ্রোহীদের কাছে কোণঠাসা হয়ে পড়লে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবেন না। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ আশঙ্কার কথা জানিয়েছেন সিরিয়া সরাকরের পক্ষত্যাগী জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাল বুধবার সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ-বিষয়ক একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে এতে রাশিয়া ভেটো দেবে বলে জানিয়ে দিয়েছে।ইরাকে সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী নায়েফ আল ফারেস নামের ওই কর্মকর্তা গত সপ্তাহে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করে বিরোধীপক্ষে যোগ দেন। তাঁর ভাষ্য, এর মধ্যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহূত হয়েছে বলে বিভিন্ন অসমর্থিত প্রতিবেদনে আভাস পাওয়া গেছে।সিরিয়ায় থাকা রাসায়নিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে প্রতিবেশী দেশগুলো ও পশ্চিমাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে বাশার এ অস্ত্র ব্যবহার করতে পারেন কি না, বিবিসির এমন প্রশ্নের জবাবে আল ফারেস বলেন, তিনি এ আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসাদ এখন আহত নেকড়ে ও কোণঠাসা। নিজের জন্য তিনি সবকিছুই করতে পারেন।’আল ফারেস দাবি করেন, ‘হোমস শহরের অংশবিশেষে রাসায়নিক অস্ত্র ব্যবহূত হয়েছে বলে অসমর্থিত তথ্য আছে।’আসাদের পক্ষ ত্যাগী এই সাবেক রাষ্ট্রদূত অভিযোগ করেন, আল-কায়েদার সুন্নি মুসলিম জঙ্গিরা সিরিয়ার বর্তমান সরকারকে সহযোগিতা করছে। এ ধরনের দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘ইতিহাসে এমন অনেক নজির আছে, স্বার্থের কারণে অনেক শত্রুও এক হয়ে যায়।’আল ফারেস দাবি করেন, ‘সক্রিয়তা ও সমর্থনের জন্য আল-কায়েদা জায়গা খুঁজছে। আর সিরিয়ার কর্তৃপক্ষ দেশটির আন্দোলনরত জনগণকে দমানোর পথ খুঁজছে।’ তিনি দাবি করেন, সিরিয়ার কর্তৃপক্ষ আল-কায়েদার সহযোগীদের দিয়ে বিভিন্ন শহরে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে।সাবেক এই রাষ্ট্রদূত বলেন, আসাদকে একমাত্র জোর করেই ক্ষমতা থেকে সরানো যেতে পারে। রাজধানী দামেস্কের চলমান লড়াইকে খুবই গুরুত্বপূর্ণ এবং একে আসাদ সরকারের পতনের শুরু বলে বর্ণনা করেন আল ফারেস।এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও সরকার বিরোধীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। উভয় পক্ষের মধ্যকার যুদ্ধ ক্রমেই দামেস্কের প্রাণকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাল বুধবার ভোটাভুটির জন্য আনা পশ্চিমা দেশগুলোর প্রস্তাবে সিরিয়ার শহরগুলোতে ভারী অস্ত্রের ব্যবহার বন্ধ না হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি এ প্রস্তাব আনবে বলে রয়টার্সের খবরে জানানো হয়।