সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার তদন্তে জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল সোমবার বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার যে অভিযোগ দেশটির সরকার তুলেছে, তা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। তিনি আরও বলেন, বিশ্ব সংস্থাটির নির্বাচিত বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যে সাইপ্রাসে পৌঁছে গেছে এবং সেখানে তারা সিরিয়ার সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছে।রয়টার্স বলছে, বান কি মুনের এ ঘোষণা সিরিয়ার ওপরে নতুন করে চাপ তৈরি করল। কারণ, সিরিয়া দীর্ঘদিন থেকে দেশটিতে কোনো বিদেশি পর্যবেক্ষকদের ঢুকতে দিচ্ছে না। সিরিয়ার সরকার বলছে, কয়েক সপ্তাহ আগে বিদ্রোহীরা আলেপ্পো শহরের আশপাশে রাসায়নিক হামলা চালিয়েছে। অবশ্য বিদ্রোহীরা দাবি করছে, সরকারই ওসব রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।কার্যত সিরিয়ার মিত্র রাশিয়ার চাপে জাতিসংঘ এ তদন্ত চালাতে রাজি হয়েছে। বান কি মুন অবশ্য বলেছেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করা দরকার, সিরিয়ার সরকারকে তা করতে দিতে হবে। যেসব স্থানে রাসায়নিক হামলার অভিযোগ পাওয়া গেছে, সেসব জায়গায় বিশেষজ্ঞদের অবাধে যেতে দিতে হবে।রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থার (ওপিসিডব্লিউ) প্রধান আহমেদ উজুমকুর সঙ্গে সাক্ষাৎ শেষে বান কি মুন এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। জাতিসংঘের তদন্তকারী দলটিকে বৈজ্ঞানিক ও যন্ত্রপাতি দিয়ে সহায়তা করছে ওপিসিডব্লিউ।আহমেদ উজুমকু বলেন, পুরো দলটিতে ১৫ জন বিশেষজ্ঞ থাকছেন। তাঁদের মধ্যে আছেন তদন্ত কর্মকর্তা, চিকিৎসা বিশেষজ্ঞ ও রসায়নবিদ।