সিরিয়ায় রুশ জেনারেলকে হত্যার দাবি বিদ্রোহীদের
সিরিয়ায় এক উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে বিদ্রোহীরা। আজ বুধবার রয়টার্সে পাঠানো এক ভিডিও বার্তায় তারা এ দাবি করেছে। বিদ্রোহীদের দাবি, জেনারেল পদমর্যাদার এই রুশ সেনা কর্মকর্তার নাম ভ্লাদিমির পেত্রোভিচ কোচেভ। তিনি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। রাজধানী দামেস্কের বাইরে পশ্চিমাঞ্চলীয় গৌটা এলাকায় এক অভিযানে এই রুশ সেনা কর্মকর্তা নিহত হন।‘কথিত’ রুশ সেনা কর্মকর্তাকে সিরিয়ার সেনাবাহিনীর দেওয়া একটি পরিচয়পত্র ভিডিও চিত্রে দেখিয়েছে বিদ্রোহীরা। গত মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ চার সামরিক কর্মকর্তাকে দামেস্কে আত্মঘাতী হামলার মাধ্যমে হত্যার দায়ও স্বীকার করেছে ওই বিদ্রোহী গোষ্ঠী।বিদ্রোহীদের দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ায় কয়েক শ রুশ সেনা রয়েছেন।এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে আঞ্চলিক মিত্র ইরান। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানের উচ্চপর্যায়ের কূটনীতিক সাঈদ জলিলি গতকাল মঙ্গলবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাশার আল আসাদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন। সিরিয়ার সংঘাত অভ্যন্তরীণ বিষয় নয় বলে উল্লেখ করে সাঈদ জলিলি বলেন, এ যুদ্ধের এক প্রান্তে রয়েছে প্রতিরোধের অক্ষ, অন্যদিকে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক শত্রুরা।সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বাশার আল আসাদের পক্ষত্যাগের ঘটনার মধ্যেই ইরানের কাছ থেকে এমন ঘোষণা এল।আসাদের সঙ্গে বৈঠকে সাঈদ জলিলি বলেন, সিরিয়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশগুলোর জোটে আছে। ইরান এ জোটকে ভেঙে পড়তে দেবে না।সিরিয়ার আলেপ্পো শহরে এখনো সরকার ও বিদ্রোহী সেনাদের মধ্যে লড়াই চলছে। সেখানে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার করছে। প্রতিদিনই এই শহরে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।