সিরিয়ায় শান্তি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে: আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জাতিসংঘের শান্তি পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আর এ ধারা অব্যাহত থাকলে নিষ্ঠুর দমন-পীড়ন, গণহত্যা, সাম্প্রদায়িক সহিংসতা এমনকি গৃহযুদ্ধে ধাবিত হবে দেশের ভবিষ্যত্। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের দেওয়া এক ভাষণে জাতিসংঘ-আরব লিগের যৌথ বিশেষ দূত কফি আনান এ মন্তব্য করেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। গতকাল ওই ভাষণে কফি আনান অভিযোগ করে বলেন, সিরিয়ায় চলমান সহিংসতা নিরসনে একটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বারবার অনুরোধ সত্ত্বেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বরং বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, আসাদ অনুগত সেনারা যেন একটি মুক্ত রাজত্বে বাস করছেন। এ সহিংসতা নিবৃত্ত করা সরকারবিরোধীদের নয়; বরং সরকারপন্থীদের প্রথম দায়িত্ব বলে মনে করেন তিনি।এর আগে হাওলা প্রদেশের কুবাইর ও মারজাফ গ্রামে সেনা অভিযানে ১৪০ জন নিহত হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, কুবাইর গ্রামে পৌঁছাতে চাচ্ছেন জাতিসংঘের পর্যবেক্ষকেরা।এদিকে, জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার বিশেষ দূত বাশার জাফারি বলেন, সরকার ওই হত্যাযজ্ঞের তদন্ত করছিল। আন্তর্জাতিক টেলিভিশন স্টেশনগুলো হামলার শিকার ব্যক্তিদের বিকৃত ছবি প্রচার করছে। সশস্ত্র বিরোধী দলকে এই হত্যাকাণ্ড ও বোমাবাজির জন্য দায়ী করেছেন তিনি। এ ছাড়া বিদেশি কয়েকটি দেশ তাঁদের অর্থ দিয়ে সাহায্য করছে বলেও অভিযোগ করেন তিনি।