সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় একমত ওবামা-পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে সে দেশে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার মেক্সিকোতে জি-২০ সম্মেলনের প্রাক্কালে দুই নেতার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বলে রয়টার্স জানিয়েছে।গত মাসে পুতিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম ওবামার সঙ্গে বৈঠক করলেন। রাশিয়া ও চীন এর আগে দুইবার সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দেয়। রাশিয়া ও চীন মনে করে, বাইরে থেকে শক্তি প্রয়োগের মাধ্যমে একটি দেশের সরকারকে ক্ষমতা থেকে সরানো গ্রহণযোগ্য নয়।যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, সিরিয়ার নাগরিকেরাই নিজেদের ভবিষ্যত্ নির্ধারণ করবে—এ বিষয়ে তাঁরা দুজন একমত। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ওবামা বলেন, ‘আমরা সিরিয়ার বিষয়ে আলাপ করেছি। আমরা দেখতে চাই, সিরিয়ায় সহিংসতা বন্ধ হয়েছে এবং একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে গৃহযুদ্ধসহ সব ধরনের ভয়াবহ কার্যক্রম বন্ধ হবে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সঙ্গেও একত্রে কাজ করতে চাই।’পুতিন বলেন, তাঁরা সিরিয়ার বিষয়ে অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন। তবে কোন কোন বিষয়ে দুই নেতার মতৈক্য হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।এদিকে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, সর্বশেষ সহিংস ঘটনায় দেশটিতে ৫২ জন নিহত হয়েছে।