সিরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল শনিবার হোমস শহরে কমপক্ষে ১১ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের সময় গত শুক্রবার ১০ জন নিহত হন। গতকাল তাঁদের শেষকৃত্য অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এই ১১ জনের মৃত্যু হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হোমস শহরে ১০ বিক্ষোভকারী নিহত হন। গতকাল নিহতদের শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছিল। শেষকৃত্য অনুষ্ঠান শেষে বিক্ষুব্ধ জনতা বাশার আল আসাদবিরোধী স্লোগান দিয়ে গোরস্তান এলাকা ত্যাগ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনী তাঁদের ওপর গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১১ ব্যক্তি নিহত এবং অনেকে আহত হন।দেশটির এক মানবাধিকারকর্মী জানিয়েছেন, তাঁর কাছে নিহত ১১ ব্যক্তির নাম রয়েছে। অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘এটা ছিল ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। জনতা শান্তিপূর্ণভাবে কবরস্থান এলাকা ত্যাগ করছিল।’ গত শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দেশজুড়ে ৪৪ বিক্ষোভকারী নিহত হন।