সিরিয়ায় সরকার পরিবর্তনের আহ্বান মুরসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আরব লিগের সম্মেলনে বলেছেন, সংঘাতপীড়িত সিরিয়ায় সরকার পরিবর্তন দরকার। সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা উচিত নয়। আল-জাজিরার খবরে বলা হয়, মিসরের রাজধানী কায়রোতে আজ বুধবার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো আরব লীগের সম্মেলনে ভাষণ দেন মুরসি। এতে তিনি বলেন, ‘সময় অতিবাহিত হচ্ছে। পরিবর্তনের সময় এখনই।’ তিনি আরও বলেন, ১৭ মাস আগে অভ্যুত্থান শুরু হলেও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের যুদ্ধ এখন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। সিরিয়ায় চলমান এ সংকট নিয়ে প্রতিবেশী চারটি রাষ্ট্র সৌদি আরব, ইরান, তুরস্ক ও মিসর আলোচনায় বসবে। এ আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনে সিরিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন মুরসি। সে সময় নিপীড়ক সরকারের বিরুদ্ধে সিরীয় জনগণের বিদ্রোহে সমর্থন দেওয়াকে ‘নৈতিক দায়িত্ব’ বলেছিলেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মুরসি বলেন, সময় ফুরানোর আগেই তাঁর সরে দাঁড়ানো উচিত। তিনি আরব বসন্তে উচ্ছেদ হওয়া তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও ইয়েমেনের শাসকদের কাছ থেকে শিক্ষা নিতে আসাদের প্রতি আহ্বান জানান।