সিরিয়ায় সরকারবিরোধী অভিযান চলবে: আসাদ
সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধে আরব লীগের দেওয়া সময়সীমা গতকাল শনিবার শেষ হয়েছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্রিটেনের সানডে টাইমসকে গতকাল জানিয়েছেন, আরব লীগের চাপ সত্ত্বেও তিনি সরকারবিরোধীদের দমন অভিযান অব্যাহত রাখবেন।দেশটির একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, গতকালও প্রেসিডেন্ট আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ ব্যক্তি নিহত হয়েছেন। সানডে টাইমস পত্রিকার ওয়েবসাইটে গতকাল শনিবার প্রকাশিত এক ভিডিওচিত্রে বাশার বলেন, ‘সংঘাত অব্যাহত থাকবে এবং সিরিয়াকে পরাভূত করার চাপও থাকবে।’আসাদ বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি, সিরিয়া মাথা নত করবে না এবং তার ওপর যেকোনো চাপ প্রতিহত করবে।’সানডে টাইমসকে আসাদ জানান, আগামী ফেব্রুয়ারি বা মার্চে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন দেশটির জনগণ একটি নতুন সংবিধান তৈরি করতে পারবেন। সে সংবিধানে তাঁরা প্রেসিডেন্ট রাখা-না রাখা বা তাঁর ক্ষমতার বিষয়টি নির্ধারণ করতে পারবেন।সিরিয়ায় যেকোনো ধরনের পশ্চিমা সামরিক অভিযানের বিরুদ্ধে প্রেসিডেন্ট আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা হলে পুরো মধ্যপ্রাচ্যে ভূমিকম্প সৃষ্টি হবে। সরকারবিরোধীদের ওপর সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধে আরব লীগের দেওয়া সময়সীমা গতকাল শনিবার রাত ১০টায় শেষ হয়েছে। শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থতা ও সরকারবিরোধীদের ওপর নিপীড়ন অব্যাহত থাকায় গত বুধবার সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দেশটিকে নিপীড়ন বন্ধে নতুন করে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে দামেস্ককে অবরোধের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছে ২২ সদস্যের আরব লীগ। শান্তিচুক্তি বাস্তবায়নে ব্যর্থতা ও সরকারবিরোধীদের ওপর নিপীড়ন অব্যাহত থাকায় এর আগে সিরিয়াকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।