সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নিহত ২৭০০: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনী গত ছয় মাসের সরকারবিরোধী আন্দোলনে দুই হাজার ৭০০ জনকে হত্যা করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা বলা হয়েছে।এদিকে গতকালও দেশটির নিরাপত্তা বাহিনী নয় ব্যক্তিকে গুলি করে হত্যার দাবি করেছে সরকারবিরোধীরা।জাতিসংঘের মানবাধিকার কমিশনের উপহাইকমিশনার কিয়াং ওয়া কাং বলেন, মধ্য মার্চে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজার ৭০০ জন নিহত হয়েছে।কিয়াং ওয়া কাং আরও বলেন, এই কর্মকাণ্ডের মাত্রা ও প্রকৃতি মানবতাবিরোধী অপরাধের শামিল।উপহাইকমিশনার জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার বর্তমান পরিস্থিতির খবর হেগে পাঠালে তাঁর দপ্তর দেশটির ৫০ জন সন্দেহভাজনের তালিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাবে।কিয়াং ওয়া কাং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করে আন্তর্জাতিক তদন্ত দলকে সহযোগিতা করার অনুরোধ জানান।