সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩০
সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে গতকাল শুক্রবার কমপক্ষে ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। ইনসান নামের একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা ২৭ বলে উল্লেখ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিরিয়া জুড়ে হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে আসে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করলে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর চলমান হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর অবরোধ আরোপের বিষয়ে সম্মত হয়েছে। গতকাল শুক্রবার সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। অবরোধের আওতায় হত্যাযজ্ঞে জড়িত সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, গতকালের সরকারবিরোধী বিক্ষোভে সিরিয়ার হোমস শহরে ১৬ জন, হামা শহরে ছয়জন এবং জাবলে শহরে দুজন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দিয়ার আল-জোর শহরে অপর চার বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ছাড়া বাকি দুজন কোথায় নিহত হয়েছে, তা বলা হয়নি।মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে সিরিয়ায় ৫৮০ ব্যক্তি নিহত হয়েছে।