সিরিয়ায় সরকারি সেনাদের হামলায় নিহত ৩০
সিরিয়ার গতকাল শনিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সরকার-বিরোধীদের দাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, এক দিন আগে সেনাসদস্যদের হামলায় নিহত এক ব্যক্তির দাফন অনুষ্ঠানে সরকারি সেনারা গতকাল মর্টার বোমা নিক্ষেপ করেন। এতে ৩০ জনেরও বেশি ব্যক্তি নিহত ও অনেকে আহত হন।বিরোধী সমর্থক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, এ হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ ঘটনার সত্যতা যাচাই করা যায়নি।জাতিসংঘের তথ্যমতে, সিরিয়ায় ১৬ মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সহিংসতায় ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।এদিকে সিরিয়া-সংকট সমাধানে দেশটিতে একটি মতৈক্যের সরকার গঠনের পরিকল্পনায় একমত হয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো। গতকাল শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্বনেতারা সিরিয়া নিয়ে আলোচনা শেষে এ ব্যাপারে একমত হন।