সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১২০ সেনা নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিসর আল-শুগুর শহরে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১২০ জনের বেশি সদস্য নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল সোমবার জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসানের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।জিসর আল-শুগুরের বাসিন্দারা জানায়, শহরের প্রধান ডাকঘরের ছাদ থেকে গত শনিবার অজ্ঞাত বন্দুকধারীরা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছয় ব্যক্তির জানাজার স্থলে গুলি চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভকারীরা ডাকঘরটিতে আগুন ধরিয়ে দেয়। বাসিন্দারা আরও জানায়, নিরাপত্তা বাহিনী শহরটিতে অভিযান চালালে কমপক্ষে ৩৭ জন বেসামরিক ব্যক্তি এবং ১০ পুলিশ নিহত হয়।রাষ্ট্রীয় টিভি জানায়, সহিংসতার একপর্যায়ে সশস্ত্র বিদ্রোহীদের অতর্কিত হামলায় কমপক্ষে ২০ জন সেনা নিহত হয়। অন্য একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৮২ জন সেনা নিহত হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষে গতকাল পর্যন্ত ১২০ জনের বেশি সেনা নিহত হয়েছে।রাষ্ট্রীয় টিভি আরও জানায়, সশস্ত্র বিদ্রোহীরা শহরের সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়। তারা পাঁচ টন বিস্ফোরকদ্রব্য (ডিনামাইট) চুরি করে নিয়ে গেছে এবং মেশিনগান ও স্বয়ংক্রিয় গ্রেনেড থেকে বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য গুলি চালায়।তবে আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের কারণে সহিংসতার পূর্ণ চিত্র পাওয়া সম্ভব হয়নি।স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহীম আল-শার বলেছেন, সরকার হামলার উচিত শিক্ষা দেবে। ইতিমধ্যে শহরটিতে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।