সিরিয়ায় সহিংসতা অব্যাহত
সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার পদক্ষেপের মধ্যেও দেশটির হামা প্রদেশের একটি শহরে সরকারি বাহিনী টানা ১৭ দিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে। মানবাধিকার কর্মীদের দাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিরোধীরা দাবি করেছে, কালাত-আল-মানদিক নামে ওই শহরে বিরোধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, দেশটির দেরা প্রদেশেও বিরোধীদের লক্ষ্য করে ভারী অস্ত্রের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় শান্তি স্থাপনে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের পরিকল্পনা গ্রহণে গত মঙ্গলবার সম্মত হন প্রেসিডেন্ট আসাদ। তাঁর এই সম্মতির পরও দেশটিতে সরকারবিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।জাতিসংঘ ও আরব লিগের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রেসিডেন্ট আসাদ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলছেন, সিরিয়ার কর্তৃপক্ষ শান্তি পরিকল্পনা বাস্তবায়নে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।এদিকে, জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান নাভি পিল্লাই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সিরিয়ার সরকারের কঠোর সমালোচনা করেছেন।