সিরিয়ায় সহিংসতার নিন্দা জ্ঞাপনে নিরাপত্তা পরিষদ ব্যর্থ
সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর সহিংস অভিযানের বিরুদ্ধে কোনো বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। এর আগে সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সহিংস আচরণের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও পর্তুগাল।তবে নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ ইউরোপীয় দেশগুলোর এ প্রস্তাবনার বিরোধিতা করে। এ কারণে সিরিয়ার সহিংসতায় নিরাপত্তা পরিষদ কোনো বিবৃতি দিতে পারেনি।নিরাপত্তা পরিষদে রাশিয়া জোর দিয়ে বলেছে, সিরিয়ার ঘটনা আন্তর্জাতিক শান্তির প্রতি হুমকি নয়। এদিকে চীন ও ভারত শান্তিপূর্ণ উপায়ে সিরিয়ার সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।গত ছয় সপ্তাহ ধরে দেশটিতে চলতে থাকা সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৪৫০ ব্যক্তি নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। সরকার অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।