সিরিয়ায় সহিংসতার মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত
সিরিয়ার বিভিন্ন স্থানে সহিংসতার মধ্য দিয়ে গতকাল সোমবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম দেশটিতে বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। নিরপেক্ষ পর্যবেক্ষকেরা জানান, নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম।তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে ভোট কেন্দ্রের সামনে অপেক্ষারত ভোটারদের দেখা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল-শারের দাবি, বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে। গতকালের ভোট গ্রহণের সময় সিরিয়ার বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইদলিব প্রদেশের বাসিন্দারা দাবি করেছে, সেখানে ভারী অস্ত্রের গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে। হামা শহরে বিদ্রোহী ও সরকারি সেনাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। পূর্বাঞ্চলীয় দির-আল-জোরে সেনাদের অভিযানে তিন বিদ্রোহী নিহত হয়। সরকারবিরোধীরা দাবি করেছে, রাজনৈতিক সংস্কারের কথা বলা হলেও এ নির্বাচনের ফলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।গত ১২ এপ্রিল থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা থাকলেও মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, দেশটিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভকারীদের হত্যা করা হচ্ছে।গত এক বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় বাশারবিরোধী আন্দোলন চলছে। এ সময় আট হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।