সিরিয়ায় সহিংসতায় দুই দিনে নিহত প্রায় ২০০
সিরিয়ায় গত দুই দিনের সহিংসতায় প্রায় ২০০ লোক নিহত হয়েছে। কয়েকটি মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। দুটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশটিতে চলমান সহিংসতায় কমপক্ষে ৮৪ ব্যক্তি নিহত হয়েছে। এই প্রাণহানির অধিকাংশ ঘটনাই ঘটেছে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে।সিরিয়ায় শান্তিচুক্তির বাস্তবায়ন দেখতে আরব লিগের পর্যবেক্ষকদের সেখানে পৌঁছার এক দিন আগে গতকাল এই রক্তক্ষয়ী ঘটনা ঘটল।এ ছাড়া সোমবার সিরিয়াজুড়ে সহিংসতায় প্রায় ১১০ জন নিহত হয়েছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করেছে। নিহতদের মধ্যে ৬০-৭০ জন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ ত্যাগী বিদ্রোহী সেনাও রয়েছে। এর আগে জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে গত মার্চ থেকে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলনে পাঁচ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।দামেস্ক দাবি করেছে, তাদের সেনারা সেসব ‘সশস্ত্র সন্ত্রাসী’র বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা দেশটির স্থিতিশীলতা নষ্ট করতে চায়। লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, গতকাল মঙ্গলবার সিরিয়াজুড়ে সহিংসতায় মোট ৮৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ইদলিবে ৫৯ জন, হোমসে ১৪ জন, জাবাদানি ও জাবেহতে চারজন, হামায় তিনজন, দেরায় দুজন এবং এলেপোতে দুজন নিহত হয়েছে। দেশটিতে বিদেশি কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকায় স্বাধীন কোনো সূত্র থেকে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা যায়নি।এদিকে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদেশি আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে।