সিরিয়ায় সহিংসতায় নিহত শতাধিক
সিরিয়ার বিভিন্ন অংশে গতকাল মঙ্গলবার দিনভর চলা সহিংসতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। বিভিন্ন আন্দোলনকারী গোষ্ঠীর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।এই প্রাণহানির মধ্যে হোমস শহরের বাবা আমর এলাকায় ভারী বোমাবর্ষণে অন্তত ৪০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইউটিউবে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, হোমস শহরে আসাদ অনুগত বাহিনী ব্যাপক বোমা বর্ষণ করেছে। এ সময় বহু বেসামরিক লোক ওই এলাকায় আটকা পড়ে ও হতাহত হয়।এ ছাড়া ইদলিব প্রদেশের জেবেল জাওয়াইয়া এলাকার বেশ কিছু গ্রামে আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্দোলনকারীরা দাবি করেছে।সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য রেডক্রস দেশটিতে অস্ত্রবিরতির দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে।এদিকে এক ভিডিও ফুটেজে দেখা গেছে, আসাদ অনুগত অসংখ্য কর্মকর্তাসহ পাঁচ শতাধিক সেনাসদস্য সরকারি বাহিনী ছেড়ে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মিতে যোগদান করছেন। ‘মুক্ত সিরিয়া দীর্ঘজীবী হোক’ বলেও পক্ষত্যাগীরা স্লোগান দেয়। এ ঘটনাকে প্রেসিডেন্ট আসাদ সরকারের জন্য একটি নেতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।