সিরিয়ায় সহিংসতায় ব্যাপক প্রাণহানি
সিরিয়ার বিভিন্ন শহরে গতকাল সোমবারের সহিংসতায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসতে বিরোধী দলকে আরব লিগের পক্ষ থেকে উত্সাহ দেওয়ার পরদিন এই প্রাণহানির ঘটনা ঘটে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে।সিরিয়া-ভিত্তিক লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) দাবি করেছে, গতকাল হোমস শহরে সহিংসতায় কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। এটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।সংস্থাটি দাবি করেছে, আসাদ অনুগত সেনারা ইদলিব প্রদেশে চার বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। এ ছাড়া হামা শহরে তিনজন এবং দেরা শহরে একজন নিহত হয়েছে।এক পৃথক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, গতকাল সিরিয়ায় সহিংসতায় ১১ সেনা নিহত হয়েছেন। এঁদের মধ্যে ইদলিব প্রদেশে চারজন এবং হামায় সাতজন। এদিকে, এলসিসি দাবি করেছে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর আসাদবিরোধী আহত কর্মীদের চিকিত্সা দেওয়ার অভিযোগে নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত ২৫০ জন চিকিত্সককে গ্রেপ্তার করেছে। জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত তিন সহস্রাধিক লোক নিহত হয়েছে।