সিরিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা
সিরিয়ায় গত ১০ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সব অপরাধের ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসি জানায়, প্রেসিডেন্টের এ ঘোষণা পক্ষ ত্যাগকারী সেনা, শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং অবৈধ অস্ত্রধারীদের জন্য কার্যকর হবে।বিশ্লেষকেরা বলছেন, বিরোধীদের ক্ষমা ঘোষণা করার ব্যাপারটি প্রেসিডেন্ট আসাদের এটাই প্রথম নয়। গত বছরও তিনি একাজ করেছেন। বিশ্লেষকদের মতে, এবারের ঘোষণাও বিরোধীদের ওপর তেমন প্রভাব ফেলবে না। তাঁরা বলছেন, আগের প্রস্তাবে কতজন সুবিধা নিয়েছেন সেটির কোনো তথ্যপ্রমাণ নেই। বরং ক্ষমা ঘোষণার পরও বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়ন অব্যাহত থাকে।মানবাধিকার সংগঠনগুলো জানায়, গত বছরে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং নিয়মিতভাবে তাদের নির্যাতন করা হয়েছে। জাতিসংঘ গত মাসে জানিয়েছে, সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।মানবাধিকার কর্মীরা জানান, সিরিয়াজুড়ে গতকাল রোববার সহিংসতায় ২৮ জন নিহত হয়েছে। এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল রক্তপাত বন্ধ করতে প্রেসিডেন্ট আসাদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে আরব গণতন্ত্র শীর্ষক এক সম্মেলনে তিনি আসাদকে লক্ষ্য করে বলেন, ‘সহিংসতা বন্ধ করুন। আপনার জনগণকে হত্যা বন্ধ করুন।’