সিরিয়ায় সামরিক অভিযানে নিহত ১১
সিরিয়ায় গতকাল রোববার সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ১১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু লোক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ দমাতে সিরিয়ার সেনারা অভিযান চালালে হতাহতের এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির শীর্ষ মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।মানবাধিকার আইনজীবী রাজন জাইতোনা রাজধানী দামেস্ক থেকে টেলিফোনে বার্তা সংস্থাকে বলেন, সিরিয়ার তৃতীয় বৃহত্তম নগর হোমসের নিকটবর্তী তালবিসেহ, রাস্তান শহর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে গতকাল ট্যাংক, ভারী অস্ত্রশস্ত্রসহ অভিযান চালায় সেনারা। এতে কমপক্ষে ১১ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন বাসিন্দা বলেন, ‘সেনারা তালবিসেহ শহরের সর্বত্রই অবস্থান করছে। তারা বাড়ি বাড়ি ঢুকে বেসামরিক লোকজনদের ধরে নিয়ে যাচ্ছে।’ রাস্তান শহরের একজন প্রত্যক্ষদর্শী জানান, শহরের প্রধান ক্লিনিক আহত লোকজনে ভরে গেছে। আরেক বাসিন্দা জানান, রাস্তানে পানি, বিদ্যুত্ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী আইনজীবী বলেন, ‘এটা ছিল সম্পূর্ণ প্রতিশোধ।’প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবসান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে গত আড়ায় মাস ধরে সিরিয়ায় বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও আসাদের অনুগত বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে এক হাজার লোক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভের ঘটনায় ১০ হাজার লোককে গ্রেপ্তার করেছে।