সিরিয়ায় সামরিক অভিযানের বিরোধী ওআইসি
সিরিয়ায় চলমান সংকট নিরসনে যেকোনো ধরনের বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছে ইসলামি দেশগুলোর সংগঠন ওআইসি। সংগঠনটির মহাসচিব একমেলুদ্দিন এহসানোগলু আজ বুধবার ক্যানবেরায় এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।সিরিয়ার সরকারকে বিরোধীদের সঙ্গে সমঝোতা রাজি করাতে সামরিক হস্তক্ষেপের পরিবর্তে বৃহত্ কূটনৈতিক চাপের ওপর জোর দিয়েছেন ৫৭ সদস্যের এই সংগঠনের মহাসচিব ।ইরাক, লিবিয়া ও সোমালিয়ার উদাহরণ টেনে একমেলুদ্দিন এহসানোগলু বলেন, ‘সামরিক হস্তক্ষেপ সিরিয়ার জনগণের কেবল ক্ষতিই করবে।’ তিনি বলেন, ‘এসব সামরিক হস্তক্ষেপ সংঘাত সমাধানের চেয়ে পরিস্থিতিকে আরও খারাপ করেছে।’ সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গঠিত ফ্রেন্ডস অব সিরিয়া গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক পরাশক্তি, ওআইসি ও আরব লিগ ২৪ ফেব্রুয়ারি তিউনিসে একটি বৈঠক করার পরিকল্পনা করছে। একমেলুদ্দিন এহসানোগলু বলেছেন, ‘বিরোধীদের সঙ্গে আলোচনায় বাধ্য করতে সিরিয়ার সরকারের ওপর এই বৈঠক চাপ সৃষ্টি করবে। ক্ষমতার পালাবদলের রূপরেখা তৈরিতে আমাদের কাজ করতে হবে।’সিরিয়ায় গত মার্চ থেকে প্রেসিডেন্ট বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। বাশার সরকারও তা কঠোরভাবে দমনের নীতি নেয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যমতে, গত মার্চ থেকে সহিংসতায় এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে বাশার সরকার দাবি করেছে, ‘সশস্ত্র অপরাধী চক্র ও সন্ত্রাসী’দের দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর অন্তত দুই হাজার সদস্য নিহত হয়েছে। বিবিসি।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলের প্রধান নভি পিল্লাই সোমবার বলেছেন, নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী সরকারবিরোধীদের ওপর ‘সর্বাত্মক দমন-নিপীড়ন’ চালানোর সাহস পেয়েছে। প্রেসিডেন্ট বাশারকে পদত্যাগের আহ্বান জানিয়ে চলতি মাসে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র চীন ও রাশিয়া ভেটো দিলে এ প্রস্তাব নাকচ হয়ে যায়।