সিরিয়ায় সেনা অভিযানে আরও ৫ বেসামরিক নাগরিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধ-উপরোধ উপেক্ষা করে সেনা অভিযান অব্যাহত রেখেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গতকাল শনিবার এমনই এক সেনা অভিযানে কমপক্ষে পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা টেলিভিশন।বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিবেশিত খবরে বলা হয়েছে, বাশার আল আসাদের অনুগত সেনারা গতকাল ভারী অস্ত্র ও ট্যাংক নিয়ে দেশটির বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। এতে এ প্রাণহানির ঘটনা ঘটে।এদিকে গতকাল শনিবার কানাডা জানিয়েছে, সেনা অভিযান থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে তারা সিরিয়ার ওপর অবরোধ বৃদ্ধি করেছে। নতুন এই অবরোধের আওতায় দেশটির চার কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সিরিয়ার রাষ্ট্র পরিচালিত বাণিজ্যিক ব্যাংক ও সর্ববৃহৎ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান সিরিয়াটেলের সম্পদ জব্দ করার ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও সৌদি বাদশা আবদুল্লাহ আবারও সিরিয়ার প্রতি হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সিরিয়া পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ অন্য বিশ্ব নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে।মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, সরকারবিরোধী বিক্ষোভে সেনা অভিযানে এ পর্যন্ত সিরিয়ায় কমপক্ষে এক হাজার ৮০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।