সিরিয়ায় সেনা অভিযানে নিহত ২১
সিরিয়ার নিরাপত্তা বাহিনী গতকাল বৃহস্পতিবার বিভিন্ন শহরে অভিযান চালিয়ে কমপক্ষে ২১ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার কর্মীদের দাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, দামেস্কের উত্তরে কাওসিরে ট্যাংক নিয়ে অভিযান চালিয়ে সেনাবাহিনী ১১ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। এদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। গতকাল বৃহস্পতিবার হোম শহরের কাছে বাইদা আবাসিক এলাকায় রাতভর সেনা অভিযানে এক শিশুসহ পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা আজ শুক্রবার দাবি করেছেন। দির আল জোর শহরে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর হাতে চার বেসামরিক ব্যক্তি এবং সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় একজন নিহত হয়েছে।এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আসাদের ওপর চাপ সৃষ্টি করতে সিরিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা দরকার। ইউরোপীয় দেশগুলো জাতিসংঘকে সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া ও চীন আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।