সিরিয়ায় সেনা অভিযানে বেসামরিক ১১ ব্যক্তি নিহত হওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সেনা অভিযানে গতকাল বুধবার কমপক্ষে ১১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, গতকাল রাজধানী দামেস্কের কাছে কানাকের শহরে নিরাপত্তা বাহিনী ট্যাংক ও বুলডোজার নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। কানাকের শহরটি দামেস্ক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।সংস্থাটি দাবি করে, এ সময় ওই শহরের বাসিন্দারা পাথর নিক্ষেপ করে ও টায়ারে আগুন ধরিয়ে সেনাবাহিনীর অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা চালায়।সিরিয়ান ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস নামের অপর এক মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে, দেশটির গোয়েন্দা বাহিনী ওই শহর থেকে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে।সিরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির সরকার সেখান থেকে অধিকাংশ বিদেশি সাংবাদিককে বহিষ্কার করেছে। ফলে মানবাধিকার সংস্থার এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।