সিরিয়ায় সেনাবাহিনীর হাতে নারী-শিশুসহ নিহত ৪৫
সিরিয়ার হোমস শহরে গতকাল রোববার নারী ও শিশুসহ কমপক্ষে ৪৫ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠী লোকাল কো-অর্ডিনেশন কমিটিস (এলসিসি) এর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। সিএনএন অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।খবরে বলা হয়, গতকাল রোববার সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে একটি কূটনৈতিক সমাধানের লক্ষ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে জাতিসংঘ আরব লিগের বিশেষ দূত কফি আনান দ্বিতীয় দফা বৈঠক করেন। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হয় বলে এলসিসি’র কর্মীরা সিএনএনকে জানান।এদিকে, সিরিয়া বিপ্লব সাধারণ কাউন্সিলের মুখপাত্র হাদি আবদাল্লাহ এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সেনাবাহিনীর ধারালো অস্ত্রের আঘাতে ও আগুনে পুড়ে ৪৭ জন মারা গেছে। সেনা সদস্যরা ওই এলাকার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনাকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসনের একটি নৃশংস হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে এলসিসি।জাতিসংঘের দেওয়া হিসাব মতে, সিরিয়ায় গত এক বছরে সাড়ে সাত হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। কিন্তু সরকারবিরোধীদের দাবি, নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গেছে।